স্টার্টআপদের এআই প্রশিক্ষণ দেবে আইডিয়া প্রকল্প

১৫ জুন, ২০২১ ১৮:৪৫  

এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পিছিয়ে নেই প্রযুক্তিতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাশাপাশি তার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের দিক নির্দেশনায় তথ্যপ্রযুক্তির নানান পরিকল্পনা বাস্তবায়ন করছে আইসিটি বিভাগ।

আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের নেতৃত্বে বর্তমানে গুরুত্ব দেয়া হচ্ছে উদ্যোক্তা বা স্টার্টআপগুলোর প্রতি। এরই ধারাবাহিকতায় স্টার্টআপগুলোকে “আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স”বা কৃত্তিম বুদ্ধিমত্ত্বা বিষয়ক প্রশিক্ষণে উদ্যোগ নিয়েছে উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ বা আইডিয়া প্রকল্প।

জানা গেছে, আগামী ১৭ জুন বৃহস্পতিবার অনলাইনে এই প্রশিক্ষণ দেয়া হবে।

প্রশিক্ষণটিতে রিসোর্স পারসন হিসেবে যুক্ত থাকবেন জাপানের ওসাকা ইউনিভার্সিটি’র সহযোগী অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রফেসর ড. মো. আতিকুর রহমান আহাদ এবং বুয়েটের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. এম সোহেল রহমান।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এন এম জিয়াউল আলম পিএএ। বিশেষ অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এর নির্বাহী পরিচালক ও সরকারের অতিরিক্ত সচিব পার্থপ্রতিম দেব এবং ডিজিটাল নিরাপত্তা এজেন্সি এর মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মো. খায়রুল আমীন।

অনলাইন অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন iDEA প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মো. আব্দুর রাকিব। আগ্রহী স্টার্টআপরা আগামী ১৬ জুন বুধবার রাত ১১টার মধ্যে রেজিস্ট্রেশন করতে পারবেন।